নাটোরে ৩০ বস্তা ভেজাল সার জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। এসময় ভেজাল সার ও বালাইনাশক মজুত রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার বিপ্রবেলঘরিয়া ও মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিপ্রবেলঘরিয়ার নশৎপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভেজাল সার মজুত রাখার দায়ে ব্যবসায়ী আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ বস্তা ভেজাল সারসহ আল মামুন নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জব্দকৃত সারের জন্য তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই গ্রামে ভুয়া বালাইনাশক বিক্রির উদ্দেশ্যে মজুত রাখায় বুলবুল নামের আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মো. আল ইমরান খান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে আমরা বদ্ধপরিকর। ভেজাল সার ও কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিনসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও নলডাঙ্গা থানা পুলিশের একটি দল। সূত্র: জাগো নিউজ
