রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অনুকরণীয় ভূমিকা পালন করছেন। মানুষের দুঃসময়ে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার এই মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এ সময় তিনি মানবতার কল্যাণে নিয়োজিত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ড. মোঃ শামীম হোসেন চৌধুরী, সিটি ইউনিট অফিসার মীর্জা শামীম আহসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
