বাগমারায় বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১
স্টাফ রিপোর্টার
বাহগমারায় বিপুল পরিমান অ্যালকোহলসহ একজনকে আটক করা হয়েছে। রাজশাহী র্যাব-৫, সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে বাগমারার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ তাকে আটক করে। আটককৃতর নাম আমিনুল ইসলাম (৪০)। তিনি বাগমারা থানার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে ভবানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
