বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি আজ

নতুন প্রভাত ডেস্ক
তিন ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ, আরেকটি ভেসে গেছে বৃষ্টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ। জয় দিয়েও সিরিজ নিজেদের করে নিতে মরিয়া স্বাগতিকরা। অন্যদিকে, সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না সফরকারী নিউজিল্যান্ড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
প্রথম ম্যাচের মতো তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবারও ব্যাট-বল হাতে জ্বলে উঠে সিরিজ জিততে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার দলের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন বলন, ‘দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির উপর কারও হাত নেই, এটা আসলে ব্যাড লাক। তারপরও শেষ ম্যাচে আমাদের সিরিজ জয়ের ভালো সুযোগ আছে। আমরা অবশ্যই আমরা সিরিজ জয়ের জন্য মাঠে নামব। আমরা চাইব, শেষ ম্যাচেও ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে।’
এদিকে, সিরিজ জয়ের সুযোগ না থাকলেও শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়ানোর পাশাপাশি ভালোভাবে বাংলাদেশ সফর শেষ করতে চায় নিউজিল্যান্ড। দলের ব্যাটার ডিন ফক্সক্রফট বলেন, ‘চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আমাদের সামনে এখনো সিরিজ হার এড়ানোর সুযোগ আছে। ভালো ক্রিকেট খেলে সুযোগ কাজে লাগাতে চাই। আমরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করেছি। ঐ ম্যাচে অনেক ভালো দিক ছিল, কিছু ভুলও ছিল। ভুলগুলো শুধরে আগামীকাল ভালোভাবে লড়াইয়ে ফিরতে চাই।’
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। সূত্র: বাসস

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts