ট্রেনের নিচে পড়ে সন্তান, ঝাঁপ দিয়ে অলৌকিকভাবে বাঁচালেন বাবা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক বছরের শিশুকে বাঁচাতে মুহূর্তের সিদ্ধান্তে ট্রেনের নিচে ঝাঁপ দেন বাবা। পরে ট্রেনের একাধিক বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান বাবা ও শিশু।স্থানীয় খবর

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ছেড়ে যাওয়ার সময় এক দম্পতি শিশু সন্তান নিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গেলে বাবার হাত ফসকে শিশুটি লাইনে পড়ে যায়।

মুহূর্তেই সন্তানকে রক্ষায় নিচে ঝাঁপ দেন বাবা। শিশুকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের পাশ ঘেঁষে শুয়ে পড়েন তিনি। এরপর প্রায় আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। উপস্থিত যাত্রীরা তখন ধরে নিয়েছিলেন, বাবা-সন্তানের বাঁচার আর সুযোগ নেই।

কিন্তু ট্রেন চলে যাওয়ার পর দেখা যায়, দুজনই জীবিত। শরীরে সামান্য আঁচড় ছাড়া বড় ধরনের আঘাতও লাগেনি। এমন দৃশ্যে হতবাক হয়ে পড়েন উপস্থিত লোকজন। অনেকে ঘটনাটিকে অলৌকিক বলেও উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক সেকেন্ডের সেই দৃশ্য ছিল রীতিমতো হৃদয় কাঁপানো। কিন্তু শেষ পর্যন্ত বাবা-সন্তানের বেঁচে যাওয়া সবাইকে বিস্মিত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশ জানিয়েছে, দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। একই সঙ্গে চলন্ত ট্রেনে ওঠানামা থেকে বিরত থাকতে যাত্রীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মানবিক সাহস, বাবার ভালোবাসা আর ভাগ্যের এক অবিশ্বাস্য গল্প হয়ে উঠেছে ভৈরবের এই ঘটনা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts