রাসিকের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি  প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এ নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় দেশব্যাপী সুনাম রয়েছে। গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে রাজশাহীতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখব এবং অভিজ্ঞতা অর্জন করে নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ নেব। কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই কর্মশালার মূল লক্ষ্য।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছি। জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। সুন্দর আয়োজন ও চমৎকার ব্যবস্থাপনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালা শেষ হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রম সহ নগরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট