কক্সবাজারে ৩ মাসব্যাপী পর্যটন উৎসবের উদ্বোধন আজ
নতুন প্রভাত ডেক্স:
পর্যটনশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশায় বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজিত ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধন হবে।
কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে এ আয়োজন। এতে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের আরেকটি স্লোগান ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস‘। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের পাশাপাশি থাকছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সুপারিনটেনডেন্ট নিশাত অ্যাঞ্জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
কার্নিভালের অন্যতম আকর্ষণ হবে আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে।
এ ছাড়া কার্নিভালে থাকছে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগ। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে দর্শনার্থীরা নির্দিষ্ট জায়গায় বসে খেতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগও রাখা হচ্ছে।
সূত্র: কালবেলা
