অতীতে দেশের সম্পদ লুটপাটের মাশুল এখনো দিতে হচ্ছে: অর্থমন্ত্রী

অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সম্পদ লুটপাটের মাশুল এখনো দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের ঘাড়ে বিপুল ঋণের বোঝা চেপেছে। বিপর্যস্ত ব্যাংকিং খাত ও ক্ষতিগ্রস্ত শেয়ারবাজার সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে। ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মেলাটি হচ্ছে। আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এখনো দুর্বৃত্ত চক্র সক্রিয়। তারা চায় না বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছাক কিংবা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।তার মতে, অর্থনীতিকে অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত করার পুরোনো ব্যবস্থা ভাঙতে হবে। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছায়।চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা শুধু বাংলাদেশের অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো অঞ্চলের অর্থনীতির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এ বন্দরের। সেই সম্ভাবনা কাজে লাগাতে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সমন্বিত উন্নয়ন প্রয়োজন।  সূত্র: বাংলা ট্রিবিউন
 
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট