পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন পোরশা উপজেলার ফিল্ড সুপারভাইজার আবু জাফর সিদ্দিক। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি ও করণীয় বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন পোরশা উপজেলার মউশিক শিক্ষক মাওলানা নূরমোহাম্মদ।
সভায় বক্তারা বলেন, আবহমানকাল ধরে এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। সমাজে শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মউশিক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
