প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী: ববি হাজ্জাজ        

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গতকাল বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। প্রতিটি বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখাও সহজ হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং খোলামেলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের মেধার বিকাশ ঘটে না। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ জন্য সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তবে খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কেও সচেতন রাখার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংস্কার প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুন করে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট