পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমান ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বেড়ে ১৬ হাজার ৩৫১ টাকা হওয়া প্রয়োজন। চার সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমার ওপরে থাকতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় ‘ডিটারমাইনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক এক গবেষণা উপস্থাপনায় এসব হিসাব তুলে ধরে সিপিডি। এতে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে দর-কষাকষির পরিবর্তে তথ্য-উপাত্ত, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনার সুপারিশ করা হয়েছে। সিপিডির গবেষণায় বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। এরপর থেকে শহরাঞ্চলে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ছিল ১১৮ দশমিক ৭৬। ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৩৫। অর্থাৎ এ সময়ে দাম বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। এই মূল্যস্ফীতি সমন্বয় করলে ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকার সমান ক্রয়ক্ষমতা বজায় রাখতে বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন। তবে সিপিডির মতে, শুধু মূল্যস্ফীতি সমন্বয় করে মজুরি নির্ধারণ করলে শ্রমিকের প্রকৃত জীবনমানের উন্নতি হবে না। কারণ এতে আগের ক্রয়ক্ষমতা কেবল পুনরুদ্ধার হয়, বাড়তি কোনো সুবিধা যুক্ত হয় না। গবেষণায় দ্বিতীয় হিসাবটি করা হয়েছে দারিদ্র্যসীমার ভিত্তিতে। এতে চার সদস্যের একটি পরিবার এবং পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে হিসাব করা হয়েছে।
বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ অনুযায়ী, ঢাকা শহরে উচ্চ দারিদ্র্যসীমার নিচে একজন মানুষের মাসিক ব্যয় ছিল ৪ হাজার ৯২২ টাকা। মূল্যস্ফীতি সমন্বয় করে ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩৮ টাকা। চার সদস্যের পরিবারের জন্য প্রয়োজন ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের মাসিক আয় হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। অন্যদিকে, মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনায় সিপিডি মাসিক ২৪ হাজার ২০৪ টাকা মজুরির হিসাব দিয়েছে। এ ক্ষেত্রে চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যক্তিগত পরিচর্যা, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের ব্যয় বিবেচনা করা হয়েছে। সূত্র: ইনকিলাব
