১ম ধাপে ২১ জানুয়ারি ১৩১ উপজেলায় ১ হাজার ২৬ ইউনিয়নে ভোট
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, আর শেষ ধাপের ভোট ২৭ মে। গতকাল সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনার বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে বা নির্বাচনি চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন আগামী ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল বা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করবে কমিশন।
নির্বাচন কমিশনার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১ উপজেলায় ১ হাজার ২৬ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১ হাজার ১১৩, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনের তপশিল কবে ঘোষণা করা হবে জানতে চাইল সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে। সূত্র: ইনকিলাব
