আজ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার

আজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সংগ্রামে তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, পাকিস্তানি শাসনবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন তিনি। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট পর্যন্ত এই লংমার্চে অংশ নেন হাজারো মানুষ।

মওলানা ভাসানীর সঙ্গে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন রাজশাহীর নদী ও পরিবেশ গবেষক, নদী বিশেষজ্ঞ ও লেখক মাহবুব সিদ্দিকী। তিনি জানান, ভাসানীর পাঁচ-ছয়টি সভায় উপস্থিত থাকার সুযোগ হয়েছিল তাঁর। ফারাক্কা লংমার্চেও অংশ নিয়েছিলেন তিনি এবং চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গিয়েছিলেন।

মাহবুব সিদ্দিকী বলেন, ঈশ্বরদীতে জাসদের ছয়জন নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মওলানা ভাসানী একটি সভায় অংশ নিতে গেলে তিনিও রাজশাহী থেকে কামরুল মনিরকে সঙ্গে নিয়ে সেখানে যান। ঈশ্বরদী রেলস্টেশনের ওভারব্রিজ দিয়ে যাওয়ার সময় ভাসানী তাঁর এক কাঁধে এবং কামরুল মনিরের অন্য কাঁধে হাত রেখে সিঁড়ি বেয়ে উঠেছিলেন। ব্যক্তিগত জীবনের সেই স্মৃতি আজও তাঁর মনে অমলিন।

তিনি আরও জানান, রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে আয়োজিত ওই সভায় মওলানা ভাসানী প্রায় আড়াই ঘণ্টা বক্তব্য দেন। জাসদের ছয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে তাঁর সেই জ্বালাময়ী বক্তব্য ছিল অত্যন্ত সাহসী ও প্রতিবাদী।

এ ছাড়া আটক রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পল্টন ময়দানে মওলানা ভাসানীর একটি সভায় অংশ নেওয়ার স্মৃতিও তুলে ধরেন মাহবুব সিদ্দিকী।

১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর দুর্গত মানুষের পুনর্বাসন ও মানবিক সংকটকে গুরুত্ব দিয়ে ভাসানী নির্বাচনের পরিবর্তে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তাঁর রাজনৈতিক দর্শনে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণ ছিল অন্যতম প্রধান বিষয়।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করলে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর পাঁচ দশক পরও তাঁর রাজনৈতিক সংগ্রাম, প্রতিবাদী ভূমিকা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট