জামিন পেলেন দুই অপরাধী ভারতে বিলকিস বানু গণধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত
ভারতের আলোচিত ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময়কার বিলকিস বানু গণধর্ষণ ও পরিবার হত্যার মামলায় বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত এই মামলার দুজন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করেছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করে। আদালত জানিয়েছে, ওই দুই দোষী ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় ধরে কারাভোগ করেছেন। এছাড়া তাদের মধ্যে একজনের তীব্র শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। আদালতের বেঞ্চ জানিয়েছে, আপিলের ক্ষেত্রে তথ্য এবং আইনগত উভয় দিক থেকেই বিবেচনা করার মতো কিছু বিষয় রয়েছে।
যারা জামিন পেয়েছেন, তারা হলেন— বিপিনচন্দ্র কানাইয়ালাল জোশী ওরফে লালা ডক্টর এবং প্রদীপ রমনলাল মোধিয়া। এই দু’জনসহ মোট ১১ জন দোষীকে ২০২২ সালের আগস্ট মাসে গুজরাট সরকার বিতর্কিতভাবে মুক্তি দিয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট সেই সাজা মওকুফ বা রেমিশনের নির্দেশ বাতিল করে তাদের পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০০২ সালের গুজরাটের গোধরা ট্রেনের ঘটনার পরের সাম্প্রদায়িক দাঙ্গার সময় দাহোদ জেলায় ২১ বছর বয়সী এবং ৫ মাসের অন্ত্বঃসত্ত্বা বিলকিস বানুর ওপর নৃশংস গণধর্ষণ ও তাঁর পরিবারের ১৪ সদস্যকে হত্যা করা হয়েছিল। ওই সময় নিহতদের মধ্যে বিলকিসের তিন বছরের শিশুকন্যাও ছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিচার প্রক্রিয়া মুম্বাইয়ে স্থানান্তরিত হয় এবং সিবিআইয়ের তদন্তে দোষীদের সাজা নিশ্চিত হয়। বর্তমান রায়ের ফলে দুই দোষীর দীর্ঘ কারাবাস ও আইনি পরিস্থিতির প্রেক্ষাপটে এই জামিন দেওয়া হলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
