সিলিন্ডার গ্যাসে সরকারি মূল্য কার্যকর হচ্ছে না কেন

নতুন প্রভাত ডেক্স:

সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার কারণ কী—জাতীয় সংসদে এমন প্রশ্ন উঠেছে। রোববার জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিনা সুলতানা এ বিষয়ে প্রশ্ন তোলেন।

সেলিনা সুলতানা জানতে চান, সিলিন্ডার গ্যাসসহ সরকারের নির্ধারিত মূল্যের অনেক পণ্যই ভোক্তারা বাজারে নির্ধারিত দামে কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। সরকারি মূল্য কার্যকর না হওয়ার কারণ কী এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে?

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়মের কারণে কিছু ক্ষেত্রে সরকারি নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না। সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে।

তিনি আরও বলেন, এসব অনিয়ম প্রতিরোধে সরকার নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুতদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব তদারকিতে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট