১৫ দিন প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়াল!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালের একটি পুরোনো অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে। গুরুতর পায়ের চোট থেকে দ্রুত সুস্থ হতে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আবারও সামনে এসেছে অভিনেতার সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা। তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগন, যিনি অভিনেতা অজয় দেবগনের বাবা। 

ঘটনাটি বেশ কয়েক বছর আগের। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন পরেশ। সিনেমার একটি দৃশ্যে মাছের বাজারের ভেজা মেঝেতে তাঁকে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। এ সময় পিচ্ছিল জুতার কারণে ভারসাম্য হারিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। পরে অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সুস্থ হতে তাঁর প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশের সঙ্গে দেখা করতে যান বীরু দেবগন। তাঁর চোটের কথা শুনে বীরু তাঁকে সকালে ঘুম থেকে উঠে নিজের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দেন। পাশাপাশি সুস্থ হওয়ার আগপর্যন্ত মদ্যপান, লাল মাংস ও ধূমপান এড়িয়ে চলার কথাও বলেছিলেন তিনি। বীরুর দাবি ছিল, যোদ্ধারাও এমন পদ্ধতি অনুসরণ করেন।

সম্প্রতি ‘দ্য লাল্লানটপ’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরেশ জানান, পরামর্শটি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে একবারে পান না করে বিয়ারের মতো চুমুক দিয়ে পান করার পরিকল্পনা করেছিলেন। এভাবে টানা ১৫ দিন সেই অভ্যাস চালিয়ে যান অভিনেতা। 

পরেশের ভাষ্য অনুযায়ী, ১৫ দিন পর তাঁর এক্স-রে করানো হলে চিকিৎসক হাড় জোড়া লাগার অগ্রগতি দেখে বিস্মিত হন। চিকিৎসক জানতে চেয়েছিলেন, এত দ্রুত হাড় জোড়া লাগার প্রক্রিয়া কীভাবে এগোল। তাঁর দাবি, চিকিৎসকদের ধারণার চেয়ে প্রায় এক মাস আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আড়াই মাসের পরিবর্তে দেড় মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। তবে পরেশের এই অভিজ্ঞতা ব্যক্তিগত দাবি মাত্র। নিজের প্রস্রাব পান করলে চোট দ্রুত সেরে যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চিকিৎসার বিকল্প হিসেবে এ ধরনের পদ্ধতি অনুসরণ না করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট