দমে গেলো ভারতের জেন-জি আন্দোলন, নেপথ্যে কী?

দিল্লির যন্তর মন্তরে জুলাই মাসে বিক্ষোভস্থলে উল্লাস ছড়িয়ে পড়েছিল। খবর এসেছিল, জেন-জি আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক বিক্ষোভকারী উচ্ছ্বসিত মুখে বলেছিলেন, ‘এটা তরুণদের বিজয়।’ কিন্তু তিন মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। এখন শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ করার সুযোগ পাওয়াও কঠিন হয়ে পড়েছে। গত মাসে ভোটাধিকার নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিক্ষোভ করলে তার জবাবে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়। আটক করা হয় হাজার হাজার বিক্ষোভকারীকে।

গ্রীষ্মকালে ভারতের তরুণদের মধ্যে জমে থাকা গভীর অসন্তোষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে নতুন করে প্রতিবাদের ঢেউ উঠেছিল। দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। শক্তিশালী নেতা হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্য সমালোচনা কিংবা বিদ্রূপের সঙ্গে অভ্যস্ত নন। আন্দোলন সামাল দিতে গিয়ে তিনি বেশ চাপে পড়েছিলেন। তবে সরকারের ক্রমবর্ধমান কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইঙ্গিত দিচ্ছে, বিক্ষোভকারীদের কাছে বিরল ছাড় দেয়ার অভিজ্ঞতা থেকে সরকার শিক্ষা নিয়েছে। জনশৃঙ্খলার অজুহাতে এখন ভিন্নমত দমনে আরও কঠোর হচ্ছে তারা। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম কঠোর দমন-পীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বিবিসিকে তিনি বলেন, ‘বিক্ষোভের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানে স্বীকৃত। তবে তা আইনের মধ্যে থেকে প্রয়োগ করতে হবে। অন্যদের অধিকার কিংবা জননিরাপত্তার বিনিময়ে এই অধিকার প্রয়োগ করা যাবে না।’

মোদি সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ এটাই প্রথম নয়। তবে এবারের আন্দোলনের ব্যাপকতা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি রিসার্চের সাবেক সভাপতি এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ইয়ামিনি আইয়ার।

তিনি বলেন, ‘এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতি, লিঙ্গ কিংবা অর্থনৈতিক শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকি বিজেপির মূল সমর্থকগোষ্ঠীর কিছু অংশ—বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী নিম্ন আয়ের মানুষও—এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছেন।’ তরুণদের বিক্ষোভের ব্যাপকতা আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এর উপস্থিতি। দীর্ঘদিনের রাজনৈতিক নিষেধাজ্ঞা ভেঙে বিক্ষোভকারীরা অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীকে বিদ্রূপ করছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বামপন্থি একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী বিক্ষোভকারী সাখি (তারা নিজেদের জন্য ‘দে/দেম’ সর্বনাম ব্যবহার করেন) বলেন, ‘এটা শুধু হাসি-ঠাট্টার বিষয় নয়।’ তিনি বলেন, ‘আগের প্রজন্মের মানুষ যে প্রতিক্রিয়া বা পরিণতির ভয় অনুভব করেন, আমাদের প্রজন্মের মধ্যে সেই ভয় ততটা নেই। কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা হয়ে উঠেছে কৌতুক।’ ইয়ামিনি আইয়ারের মতে, মোদির বিরুদ্ধে আগের আন্দোলনগুলোও বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবে সেগুলোকে সমাজের সীমিত কিছু অংশের আন্দোলন হিসেবে দেখানো কিংবা ‘দেশবিরোধী’ আখ্যা দেয়া তুলনামূলক সহজ ছিল। ২০২০ সালে বিতর্কিত কৃষি সংস্কারের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে প্রবেশে বাধা দেয়া হয়। এরপর রাজধানীর সীমান্তে মাসের পর মাস বিক্ষোভ চলে। কখনো কখনো সংঘর্ষও হয়। এক বছর ধরে আন্দোলনের পর সরকার ওই সংস্কার বাতিল করতে বাধ্য হয়। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট