রামেক হাসপাতালে আরও  ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) হাসপাতালের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে ডেঙ্গুর শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, রাজশাহীর পাঁচজন, নাটোর ও কুষ্টিয়ার দুজন করে চারজন এবং অন্যান্য এলাকার চারজন রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আসছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে।

এদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা জানান, ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাঁরা রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত চিকিৎসা ও সেবা পেয়ে অনেক রোগী সুস্থ হয়ে উঠছেন। তবে রোগীর তুলনায় শয্যাসংখ্যা কম থাকায় চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনরা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট