আজ বাংলাদেশে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

নতুন প্রভাত ডেক্স:
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি এবং এর প্রভাব সরেজমিনে মূল্যায়নে আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আট দিনের এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যালোচনা করবেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। মানচিত্রদেখুন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে।

সফরের আগে কেলি ই. কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার তাকে জানিয়েছে, এ মুহূর্তে তারা তার সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। ফলে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সংঘাতের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহে তিনি বাংলাদেশ সফর করছেন। মানচিত্রদেখুন

বাংলাদেশে অবস্থানকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, ভুক্তভোগী এবং নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে মিয়ানমারের সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং এর ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও বক্তব্য শুনবেন তিনি।

তার সফরসূচিতে রাজধানী ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে রোহিঙ্গাদের জীবনযাপন, নিরাপত্তা, মানবিক সহায়তা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ না থাকার বিষয়গুলো সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছিলেন। ফলে দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষকে আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। অন্যদিকে, মিয়ানমারের চলমান সংঘাত ও রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনকে আরও জটিল করে তুলেছে। মানচিত্রদেখুন

সফরের শেষ দিন আগামী ১৮ নভেম্বর তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তার পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন। বাংলাদেশ সফরে সংগৃহীত তথ্য, সাক্ষ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন কেলি ই. কারি
সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট