ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চাকরির সুযোগ দেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান হবে ২৬ লাখ ৫০ হাজার
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেছেন, মাতারবাড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) অধিক্ষেত্রাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে মুখ্য সচিব মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল ও এলপিজি স্টোরেজ, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, মিডার অফিস নির্মাণের স্থান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চিহ্নিত এলাকা ঘুরে দেখেন।
এ সময় এবিএম আব্দুস সাত্তার বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প তেমন আলোর মুখ দেখেনি। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে। সে লক্ষ্যেই কাজ চলছে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মিডার সদস্য মোহাম্মদ সারোয়ার আলমসহ বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিডা কর্তৃপক্ষ জানায়, মহেশখালীর চারটি ইউনিয়নের প্রায় ৩২ হাজার একর এলাকাকে চারটি কৌশলগত হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এগুলো হলো—গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প উৎপাদন এবং মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন হাব। কর্তৃপক্ষ আরও জানায়, মাতারবাড়ি বন্দরে টার্নিং বেসিন ও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। পাশাপাশি দেড় লাখ প্রত্যক্ষ ও ২৫ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মিডার তথ্যমতে, এসব প্রকল্পে প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হবে। এর মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আসবে বলে আশা করছে সংস্থাটি। সূত্র: ইনকিলাব
