নগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে দামকুড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ৪টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইলসহ মোট ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ শিতলাই এলাকায় অভিযান পরিচালনা করে শিতলাই গোবিন্দপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: আমান উল্লাহ আমান (২৭) এবং মো: মাজদার আলীর ছেলে মো: সাকিবুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোবিন্দপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: মাসুম (৩৫) কৌশলে পালিয়ে যায়।
এ সময় গ্রেপ্তারকৃত আসামি আমানের হেফাজত থেকে জব্দ করা ৩ টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন তল্লাশি করে ০৭ টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসোবের সঙ্গে ব্যবহৃত ২ টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ০৪ টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ০২ টি অ্যাপস পাওয়া যায়। এছাড়া অপর আসামি সাকিবুলের হেফাজত থেকে ১ টি স্মার্টফোন তল্লাশি করে ০২টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৩টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ০৩টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ৩টি অ্যাপস পাওয়া যায়। পাশাপাশি জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট করা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মাসুম দীর্ঘদিন ধরে আমান ও সাকিবুলের সঙ্গে সাইবার স্পেসে অনলাইনে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েব সাইট ব্যবহার করে আসছে।
