হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
প্রভাত ডেক্স
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রবিবার (১ নভেম্বর) হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিন বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পাঁচটি প্রধান শিল্পাঞ্চলের ৫২৯টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে গেছেন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। এই অস্থিরতার নেপথ্যে ‘ষড়যন্ত্র’ রয়েছে অভিযোগ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এরই মধ্যে সরকার পোশাক খাতের জন্য ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, বোর্ড গঠনের পর আন্দোলনে থাকার কারণ নেই। তবে শ্রমিকদের বক্তব্য, বর্তমান মজুরিতে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন। শ্রমিক সংগঠনের নেতারাও তাদের দাবিকে ন্যায্য বলছেন। একই সঙ্গে আন্দোলনে তৃতীয়পক্ষের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও রবিবার তা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। মিরপুরে সংঘর্ষের কারণে মেট্রোরেল চলাচলও কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হয়। ‘১২ হাজার ৫০০ টাকায় কিছুই হয় না’, বলছেন শ্রমিকেরা: রাজধানীর মিরপুরে রবিবার আন্দোলনে অংশ নেওয়া পোশাকশ্রমিক আরিফুর রহমান একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, তার মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ওভারটাইমসহ মাসে আয় হয় ১৭ থেকে ১৮ হাজার টাকা। আরিফ বলেন, ‘সব মিলিয়ে ১৭-১৮ হাজার টাকা বেতন পাই। আমি ডিউটিতে প্রবেশ করি সকাল ৮টায়। বের হই রাত ৮টায়। আমি যা পরিশ্রম করি আর যা বেতন, তার সঙ্গে সামঞ্জস্য নেই। এ ছাড়া এখন দ্রব্যমূল্য, ঘর ভাড়া সব মিলিয়ে এই টাকায় কিছুই হয় না।’তিনি বলেন, ‘আমরা তো ভালো বাসায় থাকতে পারি না। যে বাসায় থাকি, সেখানেও ভাড়া বেড়ে গেছে। একজন পোশাকশ্রমিক যেভাবে পরিশ্রম করেন, তাতে ৩০ হাজার টাকা বেতন সঙ্গে ওভারটাইম হলে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবেন।’পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে আরিফ বলেন, ‘আমরা যখন ন্যায্য আন্দোলন করছি, পুলিশ আক্রমণ করে বসলো। পুলিশ আক্রমণ না করলে কিছুই হতো না।’কেউ উসকানি দিচ্ছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাকে কেউ উসকানি দেয়নি। আমি নিজের ইচ্ছাতেই এসেছি।’ তৃতীয়পক্ষের অনুপ্রবেশের অভিযোগ: অন্যদিকে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আন্দোলনের পেছনে নিষিদ্ধ সংগঠন ও সরকারবিরোধী গোষ্ঠীর ইন্ধনের অভিযোগ করা হয়েছে। রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় চলমান পোশাকশ্রমিক আন্দোলনে মিশে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনেকে মনে করছেন, মজুরি নিয়ে অসন্তোষের পাশাপাশি আন্দোলনে বিভিন্ন গোষ্ঠীর উসকানি রয়েছে। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘এই ক্ষোভের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের অবহেলা। অনেক সময় মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করে না, যার ফলে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম বিশ্বাসের ঘাটতি তৈরি হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘ সময়ে ফ্যাসিবাদী শক্তির পতনের পর নতুন সরকার পেয়েছি। নতুন শ্রমনীতিও হয়েছে। এই নীতির আলোকে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। শ্রমিকরা তো অভাবী। পেটে ক্ষুধা থাকে। এ কারণে সহজে তাদের বিভ্রান্তও করা যায়। সরকার মজুরি বোর্ড গঠন করেছে। তাই কোনও ধরনের সহিংস আন্দোলনে যেন আর না যায়, কেউ উসকানি দিলেও যেন সেই উসকানিতে পা না দেয়।’জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, ‘শ্রমিকদের দাবি ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। তবে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। মানুষের জানমালের ক্ষতি বা জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসে কথা বলেন,তিনি বলেন, ‘এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, দেশের উন্নয়ন-অগ্রগতি চাই। শিল্পের যে জনক বলতে পারেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার এই অবদানকে আমরা সবাই স্বীকার করি এবং আমরা চাই গার্মেন্ট শিল্পের আরও উন্নতি হোক এবং আমাদের রফতানি খাতকে সমৃদ্ধ করুক।’
