গ্যাসের মজুত ফুরোচ্ছে, ১০ বছরে উৎপাদন কমেছে ৩৯ শতাংশ

দেশের উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। প্রায় ৩০ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাসের মজুতের মধ্যে ইতিমধ্যে ৭৪ শতাংশই উত্তোলন করা হয়েছে। গত এক দশকে দেশে গ্যাসের উৎপাদন কমেছে প্রায় ৩৯ শতাংশ। নতুন কোনো বড় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে সর্বোচ্চ আট বছর গ্যাস পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। হাইড্রোকার্বন ইউনিটের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে দেশি-বিদেশি কোম্পানিগুলো প্রতিদিন প্রায় ২ হাজার ৬৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করত। ২০১৫ সালের মে মাসে উৎপাদন সর্বোচ্চ ২ হাজার ৭৮৬ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছিল। বর্তমানে দেশের দৈনিক গ্যাস উৎপাদন কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ এক দশকে উৎপাদন কমেছে প্রায় ৩৯ শতাংশ। দেশের পুরোনো গ্যাসক্ষেত্র ও কূপগুলোর মজুত কমে যাওয়াই উৎপাদন হ্রাসের প্রধান কারণ। দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় এক দশক আগে প্রতিদিন প্রায় ১ হাজার ১৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হতো। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্ষেত্রটি থেকে দৈনিক গড় উৎপাদন কমে প্রায় ৭৩২ মিলিয়ন ঘনফুটে নেমেছে।গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, দেশে প্রতিবছর গ্যাসের উৎপাদন প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট করে কমছে। এর আগে এপ্রিলে সংসদে জ্বালানিমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশে উত্তোলনযোগ্য গ্যাসের আনুমানিক মজুত ২৯ দশমিক ৭৪ টিসিএফ। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে ২২ দশমিক ১১ টিসিএফ উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট রয়েছে ৭ দশমিক ৬৩ টিসিএফ, যা মোট মজুতের প্রায় ২৬ শতাংশ।অন্যদিকে দেশে গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে। উৎপাদন কমে যাওয়ায় আবাসিক, শিল্প ও বিদ্যুৎ—সব খাতেই সরবরাহের সংকট তীব্র হচ্ছে। গত জুলাইয়ে পরিস্থিতি সামাল দিতে নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগের অনুমোদন স্থগিত করে সরকার। ফলে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে ১ হাজার ৮৫৭টি শিল্পপ্রতিষ্ঠানের আবেদন ঝুলে রয়েছে। দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদনক্ষমতা ১২ হাজার ৪৭২ মেগাওয়াট। কিন্তু গ্যাসের তীব্র সংকটে গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদার সময়ও এসব কেন্দ্রের অর্ধেক সক্ষমতা কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। আবাসিক খাতে ২০১৫ সাল থেকে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। পাইপলাইনে চাপ কম থাকায় সিএনজিচালিত যানবাহনগুলোকেও প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোকে বিকল্প জ্বালানি ব্যবস্থায় যেতে কিংবা বিদ্যমান যন্ত্রপাতি পরিবর্তন করতে বিপুল বিনিয়োগের প্রয়োজন হচ্ছে। চাহিদা ও উৎপাদনের ব্যবধান মেটাতে ২০১৮ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে তৎকালীন সরকার। সময়ের সঙ্গে আমদানিনির্ভরতা বেড়েছে। বর্তমানে দেশের দৈনিক গ্যাস সরবরাহের ৩৫ শতাংশের বেশি আসছে আমদানি করা এলএনজি থেকে।জ্বালানি বিশেষজ্ঞ এম তামিমের মতে, প্রচলিত সরকারি ব্যবস্থাপনায় দেশে গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়নি। অথচ উৎপাদন বাড়ানোর বিকল্প নানা সুযোগ এখনো রয়েছে।এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্পট এলএনজির দাম বেড়েছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার এশিয়ার এলএনজির বেঞ্চমার্ক মূল্য জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩২ ডলার ছাড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের পর এটি সর্বোচ্চ দাম।জ্বালানি অর্থনীতিবিদ শফিকুল আলম জানিয়েছেন, দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের প্রতি ঘনমিটারের খরচ প্রায় ১২ থেকে ১৫ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ৩০ ডলার হলে আমদানি করা গ্যাসের প্রতি ঘনমিটারের খরচ পড়ে প্রায় ১২৭ টাকা।   দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরও তিনটি ভাসমান টার্মিনাল নির্মাণ, আমদানির উৎস বহুমুখীকরণ, মিয়ানমার থেকে গ্যাস আনার জন্য পাইপলাইন নির্মাণের প্রস্তাব এবং আরও ১৫০টি কূপ খননের কথা রয়েছে। তবে সরকারের এসব উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম। তাঁর আশঙ্কা, বর্তমান উদ্যোগগুলো গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের বদলে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, আমদানিনির্ভরতা বাড়ানোর পরিবর্তে ভোলার গ্যাসক্ষেত্র এবং ছাতক পূর্ব গ্যাসক্ষেত্রের মতো দেশীয় সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক এলএনজি বাজার অস্থিতিশীল। উচ্চমূল্যে গ্যাস আমদানি করলে দেশের অর্থনীতিতে ব্যয়ের চাপ আরও বাড়বে।গত জুনে দেশে মোট ৪৯ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়েছিল। এর মধ্যে ৪২টি কূপ থেকে আন্তর্জাতিক কোম্পানিগুলো উৎপাদন করেছে ২৮ বিলিয়ন ঘনফুট, যা মোট উৎপাদনের ৫৭ শতাংশের বেশি। রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো ৭০টি কূপ থেকে উৎপাদন করেছে ২১ বিলিয়ন ঘনফুট। ওই মাসে আমদানি করা এলএনজি সরবরাহের পরিমাণ ছিল আরও ২৯ বিলিয়ন ঘনফুট। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারকে ক্রমেই বেশি পরিমাণে এলএনজি আমদানি করতে হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই আমদানিনির্ভরতা দীর্ঘ মেয়াদে কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। দেশে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের পুনর্গ্যাসীকরণ সক্ষমতা দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। দেশের দৈনিক গ্যাস ব্যবহারের ৩৫ শতাংশের বেশি এসব টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন বড় কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে একসময় গ্যাসের চাহিদা মেটাতে পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে বাংলাদেশ। তাঁদের মতে, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জরুরি ভিত্তিতে বিনিয়োগ না বাড়ালে ব্যয়বহুল এলএনজির ওপর নির্ভরতা আরও বাড়বে। এতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব সরাসরি পড়বে দেশের গ্যাস ও বিদ্যুতের দামে। সূত্র: আমাদের সময়. কম

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট