১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি
নতুন প্রভাত ডেক্স
এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ২০২৬ সালের পরীক্ষায় বোর্ডটিতে পাসের হার নেমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও বড় ধস নেমেছে। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। এক বছরের ব্যবধানে তা কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি।
এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ৮৯ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৬ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
জেলাভিত্তিক ফলাফলও উদ্বেগজনক। রাঙামাটি জেলায় পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়ি জেলায়, মাত্র ২৯ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। তবে সামগ্রিক ফলাফলের অবনতি থেকে মহানগরীর ফলাফল তুলনামূলক ভালো হলেও বোর্ডের সার্বিক চিত্রে তা ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি।
এবারের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে মাত্র ছয়টি কলেজ।
সূত্র:কালবেলা
