উড্ডয়নের আগমুহূর্তে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুুটি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটি ধরা পড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরায় বিলম্ব হচ্ছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিমানটি বিমানবন্দর টার্মিনাল ত্যাগ করে এবং উড্ডয়নের প্রস্তুতি নেয়। কিন্তু রানওয়েতেই বিমানটি থেমে যায়। ১৫ মিনিট পরে বিমানের ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম ঘোষণা করেন যে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি উড্ডয়ন করছে না। তিনি জানান, ত্রুটি সারাতে দুজন প্রকৌশলী কাজ করছেন এবং সমস্যার সমাধান হয়ে গেলেই বিমানটি উড্ডয়ন করবে। উড্ডয়নের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা বিমানটিতেই ছিলেন। পরবর্তীতে তারা সবাই বিমান থেকে নেমে আসেন। পরবর্তীতে স্থানীয় সময় রাত ৮টার দিকে আরেকটি ঘোষণায় বিমানের ক্যাপ্টেন জানান, কারিগরি ত্রুটিটি সারাতে আরও আড়াই ঘণ্টা লাগতে পারে। চারদিনের সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানটি টোকিও থেকে উড্ডয়নের কথা ছিল। এরপর বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের ২৬ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে যান। সূত্র: ইউএনবি
