নওগাঁয় আধাপাকা আমনে পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষকরা

মান্দা প্রতিনিধি

 নওগাঁর মান্দায় পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। নেই সঠিক নির্দেশনা সু-পরামর্শ অথচ মাঠ ছেড়ে অফিসে বসে অনিয়ম, দুর্নীতিতে বিভোর কৃষি কর্মকর্তারা এমন অভিযোগ স্থানীয় কৃষকদের।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৬ হাজার ১শত ১০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হলেও, পোকার ভয়াবহ আক্রমণে এখন দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। মাঠের পর মাঠ ধানক্ষেত মিলিবাগ, ব্লাস্ট ও কারেন্ট (কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং) পোকাসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই চরম দুঃসময়ে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কোনো তৎপরতা বা সুপরামর্শ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন কৃষকরা।

 কর্মকর্তাদের উদাসীনতা, দায়িত্বহীনতা এবং অবৈধ কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে আঁতাতের গুরুতর অভিযোগ উঠেছে।

 সরেজমিনে প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা, মোটগাড়ি, গাড়িক্ষেত্র, দেলুয়াবাড়ি, মহানগর, পরানপুর এবং ভালাইনসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, শত শত হেক্টর জমির ধান পোকার আক্রমণে মরে যাচ্ছে বা শুকিয়ে খড় হয়ে যাচ্ছে। রোগাক্রান্ত ধানক্ষেত বাঁচাতে কৃষকরা বাজারে পাওয়া বিভিন্ন কীটনাশক ব্যবহার করলেও তাতে কোনো সুফল মিলছে না।

গাড়িক্ষেত্র গ্রামের কৃষক হারেজ, আস্তান ও সাইদুর; পরানপুর গ্রামের কৃষক আশরাফুল; গণেশপুরের কৃষক রফিকুল এবং মহানগরের কৃষক আবু জানান, “পোকায় মাঠের সব ধান নষ্ট করে ফেলেছে। বাজার থেকে চড়া দামে কীটনাশক কিনে এনে স্প্রে করলেও কাজ হচ্ছে না। এবার উৎপাদন ভালো না হলে খরচের টাকাই উঠবে না।

 অথচ আজ পর্যন্ত কৃষি অফিসের কোনো কর্মকর্তা বা ব্লক সুপারভাইজার মাঠে এসে আমাদের খোঁজ নেননি, কোনো পরামর্শও দেননি।”

‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ের ব্লক সুপারভাইজার (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও উপজেলা কৃষি কর্মকর্তার উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। কৃষকদের অভিযোগ আরও মারাত্মক; তারা বলছেন, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা ও সুপারভাইজার নিয়মিত দায়িত্ব পালন না করে সার-কীটনাশক ডিলার এবং অবৈধ কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে যুগসাজশ ও আঁতাতে লিপ্ত রয়েছেন। মাঠ তদারকির বদলে তারা অনিয়ম, দুর্নীতি ও অবৈধ অর্থ আদায়ে ব্যস্ত থাকায় কৃষকের এই কান্না ও হাহাকার তাদের চোখে পড়ছে না। ভেজাল ও নিম্নমানের কীটনাশক বাজারে বিক্রি হওয়ার কারণেই তা স্প্রে করে কোনো কাজ হচ্ছে না বলে ধারণা করছেন কৃষকরা।

‎চলতি মৌসুমে কোটি কোটি টাকা খরচ করে আমন আবাদ করা কৃষকদের এখন একমাত্র দাবি—ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত হস্তক্ষেপ করে। অবিলম্বে মাঠ পর্যায়ে সঠিক সুপরামর্শ প্রদান, সার্বিক সহযোগিতা এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমন ধান রক্ষা করে প্রান্তিক কৃষকদের এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচানো হোক। প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, আমার এলাকার কৃষকরা পোকার আক্রমণে চরম ভাবে দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কোন তদারকি চোখে পড়ে না। গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন দিশেহারা কৃষকের  অনেকেই অভিযোগ নিয়ে আসছেন, কৃষি কর্মকর্তার যথাযথ  সহযোগিতা পাচ্ছেন না বলো ভুক্তভোগী কৃষকদের অভিযোগ। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে এই কর্মকর্তা একই উপজেলায় অবস্থান করার কারণে তিনি দায়িত্বহীনতা গাফিলতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়েছেন। তাই কৃষকদের বাঁচাতে সংশ্লিষ্ট উদ্ধার কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বরাবরের মতো দায়সারা জবাব দিয়ে বলেন, সারসংকট নিয়ে অফিসের সকলেই ব্যস্ত ছিলাম। তারপরেও মাঠে প্রতিনিয়ত আমার কর্মকর্তারা উঠান বৈঠক পরামর্শ ও তদারকি করছেন বলে দাবি করেন তিনি। সচেতন মহলের দাবি দেশের ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই দায়সারা জবাব ও কৃষকদের নিয়ে তামাশা না করে দ্রুত সমস্যা সমাধানে  কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কামনা করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট