সড়ক দুর্ঘটনা বন্ধে কোন পদক্ষেপ কার্যকর হবে জানালে ব্যবস্থা : সড়কমন্ত্রী

চালকদের আচরণ পরিবর্তন ও গাড়ির ফিটনেসের কথা বললে কারো কারো গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে কোন পদক্ষেপ কার্যকর হবে, সেটি সুনির্দিষ্টভাবে জানালে সরকার ব্যবস্থা নিতে প্রস্তুত। গতকাল বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, চালকদের আচরণ পরিবর্তন কিংবা গাড়ির ফিটনেস নিয়ে কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন। অথচ সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে এসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি। কেউ যদি বলতে পারেন, যোগাযোগ মন্ত্রণালয় কোন কাজটি করলে সড়কে একটি প্রাণও ঝরবে না, তাহলে সরকার তা করতে প্রস্তুত। মন্ত্রী বলেন, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা যেভাবে মেজাজ হারাচ্ছেন, স্টিয়ারিংয়ে বসেও এমন আচরণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। সবার কথা শুনতে হবে, তা মানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কেউ কারো প্রতিপক্ষ নন; বরং সবারই দায়িত্ব রয়েছে। শেখ রবিউল আলম বলেন, প্রতিদিন আশঙ্কাজনক হারে মানুষ মারা যাচ্ছে। তবে সব দুর্ঘটনাকেই সড়ক দুর্ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যন্ত অঞ্চলে কোনো ভ্যান উল্টে খাদে পড়ে কেউ মারা গেলে তার দায় সরাসরি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ওপর চাপানোর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে দক্ষ ও যোগ্য চালক নিশ্চিত করা জরুরি। এ জন্য পরিবহন মালিক সমিতির দায়িত্বশীল নেতাদের এগিয়ে আসতে হবে। কিছু ক্ষেত্রে রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও সরকার হাল ছাড়েনি। যেকোনো মূল্যে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে চায় সরকার। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট