২০২৬ ব্যালন ডি’অর: ইয়ামাল, এমবাপে নাকি কেইন?

নতুন প্রভাত ডেক্স
অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পর জানা যাবে ২০২৬ ব্যালন ডি’অর বিজয়ীর নাম। লন্ডনে জমকালো অনুষ্ঠানে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে তুমুল আলোচনা চলছে।

মূল লড়াইটি এখন তিনজনের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করা হচ্ছে। তারা হলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং ইংল্যান্ডের হ্যারি কেইন।

১৯ বছর বয়সী ইয়ামাল এবং ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপে প্রকাশ্যে নিজেদের দাবিদার হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা কেইন তুলনামূলকভাবে এ বিষয়ে নীরব।

এআই কাকে বিজয়ী মনে করছে?

ফরাসি ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যাভিসিয়া-র তথ্য অনুযায়ী, ২০২৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন ইয়ামাল। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী: লামিনে ইয়ামাল: ২৩% সম্ভাবনা, হ্যারি কেইন: ২১% সম্ভাবনা, কিলিয়ান এমবাপে: ১৯% সম্ভাবনা, রদ্রি: ১৯% সম্ভাবনা, লিওনেল মেসি: ১৮% সম্ভাবনা।

অ্যাভিসিয়ার দাবি, তারা ২০২৫ সালের ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচজনকে সঠিকভাবে পূর্বাভাস দিতে পেরেছিল।

তবে বুকমেকারদের মতে, হ্যারি কেইনই সবচেয়ে বড় ফেভারিট। তাদের হিসাব অনুযায়ী, কেইনের জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ।

খেলোয়াড় ও বিশেষজ্ঞদের মতামত

আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে মনে করেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া লিওনেল মেসি পুরস্কারটির যোগ্য দাবিদার।

সাবেক ইতালিয়ান তারকা মার্কো মাতেরাজ্জিও মেসির পক্ষেই মত দিয়েছেন। তার মতে, ৩৮ বছর বয়সেও মেসি অন্যদের চেয়ে আলাদা স্তরে খেলছেন।

অন্যদিকে, জুড বেলিংহ্যাম সমর্থন দিয়েছেন তার ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে।

বেলিংহ্যাম বলেন, “সে কঠোর পরিশ্রম করে এবং খুবই সৎ একজন মানুষ। তার জেতা অবশ্যই সম্ভব।”

ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডন আবার সমর্থন দিয়েছেন তার বার্সেলোনা সতীর্থ লামিনে ইয়ামালকে।

গর্ডনের ভাষায়, “এত অল্প বয়সে ইয়ামাল যা অর্জন করেছে, তা অবিশ্বাস্য। সে সম্পূর্ণ ভিন্ন স্তরের খেলোয়াড়।”

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি সমর্থন জানিয়েছেন কিলিয়ান এমবাপেকে, যিনি তার মতে “অসাধারণ একটি মৌসুম” কাটিয়েছেন।

পরিসংখ্যানে কে এগিয়ে?

ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে সবচেয়ে এগিয়ে আছেন এমবাপে। লা লিগায় সর্বোচ্চ ২৫ গোল, চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫ গোল। ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়। বিশ্বকাপে সর্বাধিক গোলের নতুন রেকর্ড। এসব কিছুই তার পক্ষে কথা বলে।

তবে এমবাপে ক্লাব ও জাতীয় দল, কোনো পর্যায়েই বড় শিরোপা জিততে পারেননি।

হ্যারি কেইনও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। গত মৌসুমে তিনি ৭৩ গোল করেছেন, যা ২০১১-১২ মৌসুমে মেসির ৮২ গোলের পর সর্বোচ্চ। তিনি বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতালেও ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় স্থানের বেশি এগিয়ে নিতে পারেননি।

কেন ইয়ামালকে এগিয়ে রাখা হচ্ছে?

এখানেই ইয়ামালের শক্ত অবস্থান। তিনি স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা শিরোপা।

যদিও চোটের কারণে তার ব্যক্তিগত পরিসংখ্যান এমবাপে বা কেইনের মতো উজ্জ্বল নয়, তবু বড় শিরোপা জয় তাকে বাড়তি সুবিধা দিয়েছে।

সাম্প্রতিক ইতিহাসও ইয়ামালের পক্ষেই কথা বলছে। গত ১৯ জন ব্যালন ডি’অর বিজয়ীর মধ্যে মাত্র চারজন এমন ছিলেন, যারা ওই বছর চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ, ইউরো বা কোপা আমেরিকার কোনো শিরোপা জেতেননি।

তাই অনেকের মতে, বিশ্বকাপ ও লা লিগা জয়ী ইয়ামালই এবার ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার। পুরস্কার জিততে পারলে তিনি ১৯৯৭ সালে ২১ বছর বয়সে জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অর বিজয়ী হবেন।

খুব বেশি পিছিয়ে নেই লিওনেল মেসিও

ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গত এক বছরে লিওনেল মেসি যা অর্জন করেছেন, তা অসাধারণেরও ঊর্ধ্বে। ১০ নম্বর জার্সিধারী এই তারকা ইন্টার মিয়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জিততে অনুপ্রাণিত করেছেন। এরপর ৩৯ বছর বয়সে, ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্যেও, একের পর এক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন। তার বাবা তখন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। সত্যিই অবিশ্বাস্য এক কীর্তি।

যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতত, তাহলে সম্ভবত এ নিয়ে কোনো বিতর্কই থাকত না। মেসিই হতেন রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের পরিষ্কার ফেভারিট। তবে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের ধরন মেসির বিপক্ষে যেতে পারে।

এছাড়া এমএলএসকে অনেক ভোটার ইউরোপীয় শীর্ষ লিগগুলোর তুলনায় কম মর্যাদার বলে মনে করেন, যা তার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এরকম হিবাস অবশ্যই অন্যায্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হলো, এমন মনোভাব এখনো বিদ্যমান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট