গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তিনি এ মামলা করেন। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও গুলি ছোড়া ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মগবাজারের বিশাল সেন্টারে নিজের কার্যালয়ে যান আসিফ আকবর। তাঁর ব্যক্তিগত গাড়িটি ভবনের নিচে পার্কিংয়ে রাখা ছিল। শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ে অবস্থানকালে নিচ থেকে বিকট শব্দ শুনতে পান তিনি। পরে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান। এরপর কার্যালয়ে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন আসিফ। সেখানে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি গাড়ির পার্কিং এলাকায় যান। এরপর তিনি আসিফের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই ব্যক্তি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গাড়ির কাচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন আসিফ আকবর। ঘটনার সময় গাড়িতে তিনি বা তাঁর কোনো চালক ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফুটেজগুলো বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে রোববার দুপুর পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। কেন আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট