আজ শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
|

আজ শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

সারা দেশে আজ মঙ্গলবার শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।শিল্প-সাহিত্য খবর
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হচ্ছে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের মাধ্যমে। এ ধারার তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শিক্ষার্থীরা আজ বাংলা-২ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৪ মে। এরপর ১৭ থেকে ২১ মে ব্যবহারিক পরীক্ষা এবং ১ থেকে ১৮ জুন ‘বাস্তব প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে অংশ নিচ্ছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এবারই প্রথমবারের মতো এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *