শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল টাকাসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ৫ লাখ ৯৩ হাজার টাকা মূল্যমানের জাল টাকাসহ তিন জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) ও সিএসসি (রাজশাহী), এসআরবি-৫-এর একটি যৌথ দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী এলাকার মৃত রজবুল হকের ছেলে মোঃ মানিক (৩৮) এবং চাঁদ শিকারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইউসুফ আলী (৫০)। আজ সকালে এসআরবি-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি সূত্রে জানা যায়, মুকিম মার্কেটের নীচতলার একটি দোকানে কতিপয় ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আভিযানিক দল পরিচালনা করা হয়। অভিযানে উক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩টি মোবাইল ফোন, ২টি এটিএম কার্ড এবং ২টি মানিব্যাগ উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
