রাজশাহী রেঞ্জে ১২১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টার
জনসাধারণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে এবং অপপ্রচার রোধ ও আইনের শাসন রক্ষায় বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত গত ২৪ ঘণ্টার অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন এলাকায় মোট ৫১টি মামলা হয়েছে। এরমধ্যে অপহরণের ঘটনায় ১টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অন্যান্য ধারায় আরও ৪৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় খুন, অস্ত্রসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ও তৎপরতায় বিভিন্ন অপরাধে মোট ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৬০ জন এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি ৯ জন। পাশাপাশি তদন্তাধীন মামলার আসামি ৪৭ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য আইনগত ব্যবস্থার আওতায় গ্রেপ্তার হয়েছেন ৫ জন। এছাড়া নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে ১০ গ্রাম হেরোইন, ৫৪৫ পিস ইয়াবা, ১৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৮ বোতল বিদেশি মদ, ৭৭ বোতল দেশি মদ, ১৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ৫ বোতল উইনকেরেক্স (ডওঘঈঊজঊঢ) সিরাপ। এসব অপরাধ দমনে পুলিশ ও গোয়েন্দা শাখা মিলে মোট ১৪৫টি সফল অভিযান পরিচালনা করেছে।
এদিকে সাধারণ মানুষের জরুরি সেবা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৯৯৪টি সেবা দেওয়া হয়েছে এবং চলতি মাসে এ পর্যন্ত সর্বমোট ১৫,৫৮৩টি সেবা প্রদান করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।
