ড. ইউনূসের সঙ্গে অপ্রীতিকর ঘটনার দায় ফ্যাসিস্ট হাসিনারই : ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট শেখ হাসিনা তাঁর বাহিনীকে সন্ত্রাসবাদে উসকে দিচ্ছেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে।”পোস্টের শেষে নিজের ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান লেখেন, “শেইম..”। সূত্র: ইনকিলাব
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট