এসএসসিতে ঝরে পড়া শিক্ষার্থীদের কারিগরিতে নেওয়ার উদ্যোগ : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে ফেল করা শিক্ষার্থীর আবার পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায়ও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে এসব শিক্ষার্থীর আবার পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায়ও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ড. মিলন বলেন, সাধারণ শিক্ষাব্যবস্থায় কোনো শিক্ষার্থী থাকবে কি না, তা নির্ধারণের ক্ষেত্রে তার ফলাফল বিবেচনায় নেওয়া হবে। যারা পুনরায় পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারবে না, তাদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পথ তৈরি করা হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, যারা ভালো ফলাফল করছে, তারা তো করছেই। কিন্তু ঝরে পড়া শিক্ষার্থীদের কথা কি আমরা জানি? পরীক্ষায় ফেল করার পর তারা কোন দিকে ধাবিত হচ্ছে, সে বিষয়ে কি আমরা খোঁজ রাখছি? আমাদের প্রথমে এই বিষয়গুলো চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, এক নম্বরের জন্য পাস করা আর ফেল করার মধ্যে কতটা পার্থক্য, তা আমি জানি। কিন্তু আমাদের এই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যারা ফেল করছে এবং ঝরে পড়ছে, তাদের কিভাবে আবার শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা যায়, তাদের জন্য কী ধরনের কর্মসূচি নেওয়া যায়, সেসব নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এ ক্ষেত্রে আমরা কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তিন বলেন, বিশ্বায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। যারা ঝরে পড়ছে বা পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে, ভবিষ্যতে তাদের কারিগরি শিক্ষার আওতায় আনার ব্যবস্থা করার চেষ্টা করছি। সূত্র: ইনকিলাব
