চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণাসহ ডেঙ্গু রোগির চিকিৎসার জন্য ঢাকা থেকে ২০/২০জন ডেঙ্গুরোগ বিশেষজ্ঞ চাঁপাইনবারগঞ্জে প্রেরণের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ। পাশাপাশি ডেঙ্গুকে পুঁজি করে যেন অতিরিক্ত ফলের দাম আদায় করা না হয় তারজন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দুপুরে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
সভাপতি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে চেম্বারের একজন সদস্যসহ অন্তত ৭০জন মৃত্যুবরণ করলেও স্বাস্থ্যবিভাগ সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে। কারণ ডেঙ্গু আক্রান্ত অনেকেই বাড়িতে বা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে মারা যাচ্ছে। সেই হিসার তাদের কাছে নেই। শুধু হাসপাতলে মারা যাওয়া রোগির তথ্য তাদের কছে রয়েছে। আব্দুল ওয়াহেদ বলেন,বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যাসহ মৃত্যুর ঘটনা ঘটছে। যা মহামারি আকার ধারণ করেছে।
তিনি উল্লেখ করে বলেন, করোনা মহামারির সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পৌরসভার কোন জনপ্রতিনিধি না থাকায় শহরের প্রতিটি এলাকা অপরিস্কার ও ময়লা আবর্জনা ও পানি জমে থাকতে দেখা যাচ্ছে। বিশেষ করে ৩০০ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজসহ যে উন্নয়নমূলক কর্মকান্ড হচ্ছে তা সিঠকভাবে তদারকির অভাবে বিভিন্ন জায়গায় খনন করা হয়েছে এবং সেই জায়গাতে পানি জমে মশার লার্ভা তৈরী হচ্ছে। এর ব্যর্থতার জন্য পৌর প্রশাসক, প্রকৌশলী, নির্বাহী কর্মকর্তা ও শহর পরিকল্পনাবিদের অপসারণ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, পরিচালক মনোয়ার হোসেন ডালিম, আরিফ উদ্দিন ইতি, শুকুর আলী, বাহরাম আলী, এম মিলাইতুল কোরাইশি মিলুসহ আরও অনেকে।
