গ্রেপ্তার

দুর্গাপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. বিপ্লব (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর ঝালুকা ইউনিয়নের গৌরিহার গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার বিপ্লব ওই ইউনিয়নের সায়বাড় গ্রামের মো. এরাজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী সুফিয়া খাতুন (৩২) গৌরিহার গ্রামের মৃত নুর আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুফিয়া খাতুন ও বিপ্লবের মধ্যে দীর্ঘ আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার ভোরে বিপ্লব সুফিয়ার বাড়িতে গেলে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। এ সময় বিপ্লব পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের আটক করেন। পরে সুফিয়াকে বিয়ে করার বিষয়ে কথা বলা হলে বিপ্লব এতে অস্বীকৃতি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

অভিযোগে ভুক্তভোগী বলেন, দীর্ঘদিনের সম্পর্ক চলাকালে বিপ্লব তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে তাকে না জানিয়ে অন্য এক নারীকে বিয়ে করেন বিপ্লব। এরপরও বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন সুফিয়া। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় ধর্ষণ মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত বিপ্লবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট