নগরীতে ইয়াবা ও অনলাইন জুয়ায় জড়িত ২ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দামকুড়ায় ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিভিন্ন অ্যাপস, জিমেইল আইডি এবং মোবাইল ব্যাংকিংয়ের তথ্য পেয়েছে পুলিশ। গত শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৩টার দিকে আরএমপির দামকুড়া থানা পুলিশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে জাঙ্গালপাড়া গ্রামের রায়হান (৩৮) ও মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় একই গ্রামের মাসুম (৪৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার দুজনের কাছ থেকে জব্দ চারটি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে ব্যবহৃত চারটি নম্বর, চারটি জিমেইল আইডি এবং নয়টি জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পলাতক মাসুম দীর্ঘদিন ধরে রায়হান ও মাসুদের সহযোগী হিসেবে মাদক ব্যবসা এবং অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। পুলিশের তথ্যমতে, রায়হানের বিরুদ্ধে দামকুড়া ও পবা থানায় দুটি মাদক এবং দুটি পেনাল কোড আইনের মামলা ছাড়াও গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। পলাতক মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও পেনাল কোড আইনে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা ও পাঁচটি পেনাল কোড আইনের মামলা। এ ঘটনায় দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
