নগরীতে পুলিশের মাদকবিরোধী  অভিযানে ৭ কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরীর ডিবি, বেলপুকুর থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি এসব অভিযান পরিচালনা করে।

নগর পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ দক্ষিণ মোড় এলাকায় অভিযান চালিয়ে আকাশ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আকাশের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় চারটি পেনাল কোড মামলা, দুটি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৭), সুমন (৩৪) ও আব্দুল্লাহকে (৩৫) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি এবং সুমনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে বেলপুকুর থানা পুলিশ ধাদাস গ্রামের সেন্টুর (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেন্টুর বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি এবং পুঠিয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি শিল্পীপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে শাওন আলী (১৯) ও সম্রাট ইসলামকে (২২) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট