নগরীতে পৃথক অভিযানে নারীসহ ৮ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবি, পবা ও বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি। এসব অভিযানে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নগর পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজপাড়ার লক্ষ্মীপুর বাকীর মোড় থেকে মেহেদী হাসান (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৬ বছর বয়সী এক শিশুকে (ছদ্মনাম দীপক) গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মেহেদীর বিরুদ্ধে রাজপাড়া থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে। একই দিন পবার মদনহাটি এলাকায় অভিযান চালিয়ে নাহিদা সুমি (২৩) ও তার শাশুড়ি ফেরদৌসি বিবিকে (৫৪) গ্রেপ্তার করে পুলিশ। ফেরদৌসির কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তারা দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। ফেরদৌসির বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। পবার পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সাতটি ইয়াবা, ২ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া তেবাড়ীয়া উত্তরপাড়া থেকে মাজেদুর রহমান ওরফে মামুনকে (২৮) গ্রেপ্তার করে ৪০টি ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। বেলপুকুরের মাহেন্দ্রা থেকে রনি আহমেদকে (২৭) গ্রেপ্তার করে ১৭টি ট্যাপেন্টাডল এবং কেশবপুর থেকে আক্তার হোসেন (২৮)কে গ্রেপ্তার করে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট