জামায়াতের মুখে এক, অন্তরে আরেক: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, দলটির রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডে দ্বিমুখী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। তার ভাষায়, ‘জামায়াতের মুখে একটা, অন্তরে আরেকটা।’ গতকাল শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আমরা দেখছি না।’ তার অভিযোগ, জামায়াত একদিকে সরকারকে সহযোগিতা করার কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো সরকারবিরোধী আন্দোলনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের বর্তমান রাজনৈতিক বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য তিনি দেখছেন না। ডিসেম্বরকে ঘিরে সরকারবিরোধী কোনো কর্মসূচি নেওয়া হলে বিএনপি ও সরকারপন্থিরাও রাজপথে থাকবে বলে জানান তিনি। রাশেদ খাঁনের ভাষায়, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব। আমরা দেখতে চাই, ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে।’ সরকারকে ব্যর্থ করার কোনো অপচেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচার করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি, হেফাজতে ইসলাম ও মাদরাসার শিক্ষার্থীদের ওপর ওই সময় যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছিল, তার বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ইসলামী মূল্যবোধের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইসলামের নাম ও পোশাক ব্যবহার করে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিষয়ে বাবুনগরী মানুষকে সতর্ক করেছেন বলে উল্লেখ করেন তিনি। ‘জান্নাতের টিকিট’ দেওয়ার নামে মানুষকে বিভ্রান্ত করার যে অভিযোগ উঠেছিল, সে বিষয়েও হেফাজত আমিরের বক্তব্য মানুষকে সচেতন করেছে বলে দাবি করেন রাশেদ খাঁন। রাশেদ খাঁন আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে আলোচনায় রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। তার দাবি, বর্তমান সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব—এমন মতও ব্যক্ত করেছেন হেফাজত আমির। হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের কারণ ব্যাখ্যা করে রাশেদ খাঁন বলেন, ‘পবিত্র জুমার দিনে দোয়া নিতে এসেছি।’ এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট