রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, ভর্তি ৮৫

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মোসা. নাসরিন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ। এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসরিন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নাসরিনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৪০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ জন কমেছে। গতকালের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট