স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দেবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, ‘এই সরকার জনগণের সরকার, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতেই লং মার্চ করে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে। বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। ’ আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরনো সম্পর্ক রয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তাদের বর্তমান আন্দোলন আওয়ামী লীগকে সহায়তা করার শামিল। তিনি আরো বলেন, গত নির্বাচনে যারা বিএনপির সঙ্গে ‘বেঈমানি’ করেছেন, দলে তাদের আর ঠাঁই হবে না। অনুষ্ঠানে জানানো হয়, গত জুলাইয়ের বন্যায় বাঁশখালীতে প্রায় ১২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এর মধ্যে বৃহস্পতিবার ৫১০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মনোয়ারা বেগম, জেলা প্রশাসক জাহিদুল হক মিয়া, পুলিশ সুপার মাসুদুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা। সূত্র: কালের কন্ঠ
