রাজশাহীতে হারানো ৫৬ মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। গতকাল রোববার  বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ৫৬ জন ব্যক্তি সাধারণ ডায়েরি করেন। এসব জিডির সূত্র ধরে পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে ভিভো ১১টি, স্যামসাং ১০টি, শাওমি ৭টি, রিয়েলমি ৮টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ১টি, টেকনো ৩টি, অপো ২টি, ওয়ালটন ৪টি, নোকিয়া ২টি, জিডিএল ১টি, পোকো ২টি এবং সিম্ফোনি ২টি রয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, ‘প্রকৃত মালিকদের কাছে উদ্ধার করা মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।’ এ সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট