রেশম শিল্পের পুনরুজ্জীবিনের দাবীতে নগরীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরাম গতকাল শনিবার সকাল দশটায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রেশম শিল্পের পুনরুজ্জীবিনের দাবীতে এক মানব বন্ধনের আয়োজন করে। শুরুতে অপ্রতীমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। রেশম শিল্প পুনরুজ্জীবনের দাবী গুলোর মধ্যে রয়েছে- রাজশাহী ও ঠাকুরগাঁও এ অবস্থিত দুটো রেশম কারখানা পুনরোদ্দমে চালু করা। সকল আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম চালু করা। কারখানার হ্যান্ড লুমগুলো আধুনিকায়ন । রেশন গবেষণাগার ও ইনস্টিটিউট চালু করা। চাষীদের তুত চাষে উৎসাহিত করা। রাঙ্গামাটি ও পঞ্চঘরের পাজমা কেন্দ্র চালু করা। রাজশাহী রেশম বোর্ডের অধীন ভুমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা। রেশম বোর্ডে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া। ছাটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে লাগানো। রেশম বোর্ডের শো রুম আধুনিকায়ন করা সহ নানা দাবী উপস্থাপনা করা হয়।
জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের আহবায়ক প্রবীণ সাংবাদিক এডভোকেট মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচীব কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবর্তনের নির্বাহী পরিচালক সাংবাদিক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ হেমব্রোম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রুফাপ এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, আজম খান কাবিল, রেজাউল করিম রাজু, সাংবাদিক তৈয়বুর রহমান, আদিবাসী ছাত্র পরিষদের সাগর কুমার সিং বীর মুক্তিযোদ্ধা কেএম ইয়াসিন আলী, সাংবাদিক রফিক আলম প্রমুখ।
