মান্দায় মাছের পোনা অবমুক্তকরণ
মান্দা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী অনিকুর রহমান অনিক। বৃহস্পতিবার দেলুয়াবাড়ি থেকে চৌবাড়িয়া সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে চৌবাড়িয়া ব্রিজের নিচে শিব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অনিকুর রহমান অনিক। শুক্রবার বিকেলেও উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি।
আয়োজকরা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের নির্দেশনায় কর্মসূচিগুলো পালন করা হয়েছে।
এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনিকুর রহমান অনিক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় কাজ করার চেষ্টা করছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের পাশে বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারীরাও ভবিষ্যতে ছায়া পাবেন। রোপণ করা চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে উদ্যোগটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যেই বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে।
