নতুন প্রতিভার খোঁজে বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের একাধিক পেসার উঠে এসেছেন পেসার হান্টের মাধ্যমে। এরমধ্যে রুবেল হোসেন, শফিউল ইসলাম, এবাদত হোসেনরা অন্যতম। এ ছাড়া আরও অনেক পেসারকেই খুঁজে পাওয়া গেছে বিসিবির এই পেসার হান্টের কারণে। যদিও এই ফাস্ট বোলার প্রতিভা খোঁজাখুঁজির প্রক্রিয়া বন্ধ ছিল গেল কয়েক বছর ধরেই। তবে নতুন করে আবারও শুরু হচ্ছে, এবার আরও বড় পরিসরে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় এই আয়োজনের উদ্বোধন হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুধু পেসার নয় স্পিন হান্টও অনুষ্ঠিত হবে দেশব্যাপী, এমনকি নারী বোলারদেরও সুযোগ থাকছে এই হান্টে অংশগ্রহণের জন্য। এবারও এই বোলার হান্টের সঙ্গে যুক্ত থাকছে স্পন্সর প্রতিষ্ঠান রবি। চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এই হান্ট, যা দেশের ৮ বিভাগে হবে এর মধ্যে ঢাকায় ২ ভেন্যুতে। জাতীয় দলের আশেপাশে থাকা কোচরাই দায়িত্ব নেবেন এই বোলার তুলে আনার দায়িত্ব। তারমধ্যে মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, কোরি কলিমোর এবং মুশতাক আহমেদ থাকবেন দায়িত্বে। এ ছাড়া নারীদের ক্ষেত্রে নির্বাচকরাও থাকবেন মাঠে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান, দ্রুতগতি কিংবা স্পিন ভেলকি বোলার খুঁজে বের করা হবে বড় দায়িত্ব। পরে নির্বাচিত বোলারদের আধুনিক প্রশিক্ষণ ও পরিচর্যার ব্যবস্থা করা হবে বিসিবি থেকে। পরে জাতীয় দল ও পাইপলাইনের জন্য মানসম্মত বোলার তৈরীর লক্ষ্য থাকবে। অতীতে উল্লেখযোগ্যভাবে গ্রামীণফোন এবং রবির সহযোগিতায় বিসিবি দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে পেসার হান্ট কার্যক্রম চালিয়েছিল। যেখান থেকে দেশের অনেক তারকা পেসার উঠে এসেছেন।উদ্বোধন অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলছিলেন, ‘আমরা রিশাদ ও এবাদতের মতো প্রতিভা পেয়েছি। এ ছাড়া আরও অনেকে উঠে এসেছে। আশা করি এবারও বোলিং হান্টে দারুণ কাউকে পাবো।’ সূত্র: ঢাকাপোস্ট
