রাজশাহী-নাটোরে র্যাবের অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
রাজশাহী ও নাটোরে পৃথক অভিযান চালিয়ে ১১ দশমিক ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট ও বড়াইগ্রাম এলাকায় অভিযান দুটি চালানো হয়।
র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসি জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চারঘাট থানার রাওথা এলাকায় মো. আব্দুল গফুরের (৬৪) বসতবাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি করে বাড়ির চারটি ঘরের মাঝের একটি ঘরের চৌকির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়। তিনি রাওথা এলাকার মৃত রহিম চৌধুরীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত ১১টা ৪০ মিনিটে নাটোরের বড়াইগ্রাম থানাধীন মাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল। এ সময় মানিকপুরের লালচান মণ্ডল (৩৫) ও ছাতিয়ানগাছা এলাকার মনিরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে লালচান মণ্ডল তার বসতঘরের পূর্ব পাশের গোয়ালঘরের মাচায় পলিথিনে বাঁধা অবস্থায় গাঁজা থাকার কথা জানান। পরে তার দেখানো স্থান থেকে ছয় পোটলায় মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করে বাড়িতে রাখার কথা জানান। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
