জাতিসংঘের বাইরের কোনো নির্দেশনা নেব না: খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংস্থার বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎসের নির্দেশনা গ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, জাতিসংঘের সনদ, সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি এবং সংস্থার স্বার্থকে সামনে রেখেই তিনি দায়িত্ব পালন করবেন।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেওয়ার সময় এ অঙ্গীকার করেন খলিলুর রহমান। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাঁর এক বছরের দায়িত্বকাল। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। শপথবাক্যে খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করবেন। জাতিসংঘের সনদ ও সভাপতির আচরণবিধির আলোকে শুধু জাতিসংঘের স্বার্থেই এসব দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পালনের বিষয়ে সংস্থার বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎসের কাছে নির্দেশনা চাইবেন না কিংবা গ্রহণ করবেন না।
দায়িত্ব গ্রহণের আগে ও পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ও বহুপক্ষীয় ব্যবস্থা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যখন তা নজিরবিহীনভাবে পরীক্ষার মুখে পড়েছে। তবে সংকটের পাশাপাশি নতুন সুযোগও তৈরি হয়েছে। বিশেষ করে নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে তিনি ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছেন। সূত্র: ইনকিলাব
