নাটোরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) নাটোরের শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শারমিন আখতার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু বকর সিদ্দিক (২১) নাটোরের সিংড়া উপজেলার বিজয় নগর গ্রামের মো. আবু হানিফের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পড়ুয়া ওই শিশু শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে ডেকে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে একই গ্রামের যুবক আবু বকর সিদ্দিক ধর্ষণ করে। এতে শিশুটি কান্নাকাটি করে বাড়ি থেকে খবর দিলে তার অভিভাবকেরা তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির পিতা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে নাটোর জেলা কারাগারে পাঠায়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক গতকাল রোববার বিকালে এই রায় দেন। রায়ে জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে প্রদানের জন্য বলা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট