নগরীতে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৬ কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া, কাটাখালী, রাজপাড়া ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।

এর মধ্যে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেদুর মোড় বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুল হামিদের ছেলে মোক্তার হোসেনকে (৪৫) ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। রাত ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ জাগির উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহিন্দ্রা জাগীরপাড়া গ্রামের মো. সাদ্দাম (৩০) ও মো. সাগরকে (৩১) ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। রাত সোয়া ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া অচীনতলা এলাকায় অভিযান চালিয়ে সবুজ ওরফে ডাক্তারকে (৩২) ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। পুলিশের তথ্যমতে, সবুজের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পৃথক ২টি মাদক মামলা ও ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে। মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি সকাল সাড়ে ১০টার দিকে মাসককাটাদিঘি এলাকায় অভিযান চালিয়ে মিলনকে (৪২) ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। পুলিশের দাবি, মিলনের বিরুদ্ধে মতিহার থানায় একটি মাদক মামলা রয়েছে। রাতে সাড়ে ১০টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. স্বপনকে (৩৫) ১৮৮ গ্রাম গাঁজা, ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩৯০ টাকাসহ গ্রেপ্তার করে। স্বপরে বিরুদ্ধে রাজপাড়া থানায় ১০টি মাদক মামলা এবং বোয়ালিয়া থানায় ১টি পেনাল কোড আইনের মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট